ব্রেকিং

গুলিবিদ্ধ হয়ে খুন নাবালক, জখম অটোচালকও

Saturday, 24 October 2026 at 14:29 Superadmin
Share
গুলিবিদ্ধ হয়ে খুন নাবালক, জখম অটোচালকও


বন্দে মাতরম সংবাদ

চণ্ডীগড়


পুরনো বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে খুন নাবালক ছাত্র। গুলিতে জখম অটোরিকশার এক চালক। চণ্ডীগড়ের ঘটনা। নিহত নাবালকের নাম নৈতিক। বৃহস্পতিবার রাতে সেক্টর ২২ এলাকায় এই ঘটনা ঘটে। খুনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সেও নাবালক বলে জানিয়েছে পুলিশ। 


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খুনের ঘণ্টা খানেক আগে সেক্টর ৩৪ এলাকায় নৈতিকের সঙ্গে তার পরিচিত এক বন্ধুর প্রথমে বচসা বাধে। বচসা চলাকালীনই নৈতিক ও তার কয়েকজন সঙ্গী পরিচিত বন্ধুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেই পেটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তারা। এর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নৈতিক ও তার সঙ্গীরা। পুলিশ জানিয়েছে, অটোরিকশায় চড়ে সেক্টর ২২ এলাকায় ফিরছিল নৈতিক ও তার এক সঙ্গী। সেই সময়ে অভিযুক্ত নাবালক ও তার দুই সঙ্গী মোটরবাইকে চেপে নৈতিকদের ধাওয়া করে।


সূত্রের খবর, অভিযুক্ত নাবালক তাদের ধাওয়া করেছে বুঝতে পেরে নৈতিক অটোচালককে জোরে গাড়ি চালাতে বলে। সেক্টর ২২ এলাকায় সনাতন ধর্ম মন্দিরের কাছে অটোরিকশার সামনে চলে আসে মোটরবাইকের আরোহীরা। অভিযুক্ত বন্দুক বের করে তিন রাউন্ড গুলি ছোড়ে অটোরিকশা লক্ষ্য করে। অটোরিকশার উইন্ডস্ক্রিন ভেদ করে একটি গুলি লাগে অটোরিকশা চালকের কাঁধে। একটি গুলি লাগে নৈতিকের বুকে। অল্পের জন্য একটি গুলি ফসকে যায়, প্রাণে বেঁচে যায় নৈতিকের সঙ্গে থাকা বন্ধু। অটোচালক ও নৈতিককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নৈতিককে মৃত বলে জানান চিকিৎসক। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ, অটোরিকশার ড্যাশক্যাম ফুটেজ, স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে একটি পিস্তলও বাজেয়াপ্ত করা হয়েছে।