হাড়োয়ায় চিকিৎসার নামে নাবালিকাকে শ্লীলতাহানি! গ্রেফতার ওঝা
বন্দে মাতরম সংবাদ, বসিরহাট : চিকিৎসার নামে ১৫ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ‘ওঝা’র বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আতাউর রহমান মোল্লা (৪২) নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বসিরহাটের হাড়োয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তার মা। অভিযোগ, চিকিৎসার সময় ঝাড়ফুঁক করার নাম করে নাবালিকাকে পোশাক খুলতে বাধ্য করেন অভিযুক্ত। এরপর তার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আতাউর রহমান মোল্লার বিরুদ্ধে।
ঘটনার পর নাবালিকা বিষয়টি তার মাকে জানায়। মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানার পর হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার মা।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্ত আতাউর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বসিরহাট আদালতে পেশ করেছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।