Cm Shuvendu Adhikari: ‘বাংলায় বড়ো বিনিয়োগ আসছে, ধৈর্য্য ধরে অপেক্ষা করুন’, কোচবিহার থেকে সাংবাদিকদের কীসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
বন্দে মাতরম, সংবাদ: বাংলায় শিল্প আনতে জোর তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই সোমবার মুম্বাই গিয়ে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরেই রাজ্যে বিনিয়োগ আসতে চলেছে বলে কোচবিহার থেকে বড়ো ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ভরসায় ফের আশায় বুক বাঁধছে বাংলা।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় বড়ো ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘কম কথা ও বেশি কাজ’-এর নতুন মন্ত্রের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন যে, বড়ো শিল্পপতিদের রাজ্যে নিয়ে আসা হবে।
কোচবিহারের সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী বলেন, ‘গণেশ পুজোয় অনন্ত আম্বানি আমাকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। আমি গত সপ্তাহে যেতে পারিনি, কিন্তু গতকাল আমি তাঁদের বাড়িতে গিয়েছিলাম। আমি তাঁদের মন্দিরে আরতি করি। মুকেশ জি ও অনন্ত জি’র সঙ্গে রাতের খাবার খেলাম। ধৈর্য্য ধরুন, দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় বড়ো বিনিয়োগ আসতে চলেছে। সব বড়ো বিনিয়োগকারীরা এখানে উপস্থিত থাকবেন। বাম ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ব্যাপক ক্ষতি করেছে। এই মুহূর্তে বাংলাকে নিজের পায়ে দাঁড়াতে গোটা দেশের মানুষ বিজেপিকে সমর্থন করছে। আমি সবার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি।’
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান যে, আদানি গ্রুপের হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হবে। ওই দিন গৌতম আদানি নিজে উপস্থিত থাকবেন। কলকাতার নিউ টাউনে আদানি গ্রুপের ২,০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ঠিক করা হয়েছে বৃহস্পতিবার।