ব্রেকিং

Shuvendu Adhikari: বাংলায় শিল্প আনতে বড়ো উদ্যোগ, মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করতে আজই মুম্বাই পাড়ি মুখ্যমন্ত্রীর

Monday, 21 September 2026 at 17:21 Superadmin
Share
Shuvendu Adhikari: বাংলায় শিল্প আনতে বড়ো উদ্যোগ, মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করতে আজই মুম্বাই পাড়ি মুখ্যমন্ত্রীর
shuvendu Adhikari

বন্দে মাতরম, সংবাদ- প্রবাদ আছে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’। এবার বাংলার জন্য এই প্রবাদ বাক্যটিকে সার্থক করে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্প আনতে বড়ো পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী । বিনিয়োগের লক্ষ্যেই মুম্বাই পাড়ি দিচ্ছেন তিনি। জানা গেছে, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে দেখা করতে আজই মুম্বাই পাড়ি দেবেন শুভেন্দু অধিকারী।  মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ চেয়ে আগেই সময় নির্ধারণ হয়েছিল। এবার সেটি বাস্তবায়নের পালা।


মুকেশ আম্বানিদের কথা কারও অজানা নয়। এশিয়ার অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছেন এই ভারতীয় ধনকুবেরের নাম। রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের প্রধান। বাংলাতেও আম্বানিদের বেশ কিছু ব্যবসা রয়েছে। সেই ব্যবসার আরও প্রসার ঘটাতে, এ রাজ্যেই যাতে আরও বিনিয়োগ হয়, সেইসমস্ত আবেদন নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করতে বাণিজ্যনগরী মুম্বাই পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যে পালা বদলের পর বাংলার মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অবশ্যই তাৎপর্যপূর্ণ।

আম্বানিদের ‘বনতারা’র কথা কারও অজানা নয়। গুজরাটে বন্যপ্রাণীদের বাসস্থান ও পশু হাসপাতাল হল এই বনতারা। হাসপাতালের একটি শাখা পূর্ব ভারতে খোলার পরিকল্পনা চলছে।  পশ্চিমবঙ্গের বিরাট অরণ্যাঞ্চল ঘিরে আম্বানিদের নতুন প্রকল্প যাতে হয়, সেই প্রস্তাব দিতে পারেন মুখ্যমন্ত্রী।


উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স ছাড়াও রাঢ় অঞ্চলের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জুড়েও বিশাল বনাঞ্চল রয়েছে। সদ্যই পুরুলিয়া সফর সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে পুরুলিয়ার বৈচিত্র্যময় বন্যপ্রাণ নিয়ে দক্ষিণবঙ্গে প্রথম অভয়ারণ্য তৈরির কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শিল্পপতি মুকেশ আম্বানির কাছে কী প্রস্তাব রাখতে পারেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।



গত মে মাসে রাজ্যের শাসনভার গ্রহণের পর থেকে অর্থনীতির হাল ফেরাতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যে যাতে শিল্প হয়, বিনিয়োগ আসে তা নিয়ে মুখ্যমন্ত্রী ছাড়াও শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া, এই সমস্ত পরিস্থিতির থেকে বাংলাকে শিল্পমুখী করতে হাল ধরতে চাইছে রাজ্য সরকার।

শনিবার বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে একপ্রস্ত বৈঠকও সেরেছেন রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিড়লাদেরও এখানে ব্যবসা রয়েছে। সেখানে আরও বিনিয়োগ নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে খবর। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধনকুবের, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করতে মুম্বাই পাড়ি দিয়েছেন।