শান্তিপুরের সুতো রং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক
পিয়ালি বোস, শান্তিপুর:
শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সুতো রং কারখানায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের চরজিজিয়া জগন্নাথ তলা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে হঠাৎই ওই কারখানার ভেতর থেকে আওয়াজ শুনতে পান স্থানীয়রা। এরপরে তারা বেরিয়ে এসে দেখতে পান আলোর শিখা। তড়িঘড়ি তাঁরা কারখানার কাছে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালেও ততক্ষণে কারখানার ভেতরে থাকা মূল্যবান জিনিস সবই পুড়ে ছাই হয়ে যায়।
এরপরই তারা খবর দেয় দমকল কর্মীদের। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা।
স্থানীয় এক বাসিন্দা জানান, ‘কারখানার ভেতরে পাটকাঠি সহ বিভিন্ন জিনিসপত্র ও মূল্যবান সরঞ্জাম মজুত ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারখানার ভেতরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে।’
তবে কিভাবে এই ঘটনা ঘটলো? শট সার্কিট নাকি অন্য কোনভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু করেছে দমকল কর্মীরা। এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ওই কারখানার মালিকের।