রাস্তায় অসুস্থ বৃদ্ধ, থমকে গেল বিধায়কের গাড়ি, মানবিকতার হাত বাড়ালেন প্রশান্ত দিগার
সুশোভন বন্দ্যোপাধ্যায়, হুগলি:
রাজনীতির পরিচয় ছাপিয়ে মানবিকতার নজির গড়লেন গোঘাটের বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি প্রশান্ত দিগার। পাণ্ডুগ্রামের রাস্তায় অসুস্থ হয়ে পড়া এক অশীতিপর বৃদ্ধকে দেখে পাশ কাটিয়ে চলে যাওয়ার পরিবর্তে নিজের গাড়ি থামিয়ে তাঁর পাশে ছুটে গেলেন তিনি। শুধু খোঁজখবর নয়, নিজের হাতে বৃদ্ধকে তুলে জল পান করানো থেকে শুরু করে শুশ্রূষা এবং চিকিৎসার ব্যবস্থাও করলেন বিধায়ক। ঘটনাকে ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।
অসুস্থ বৃদ্ধের নাম দামোদর গোস্বামী। বাড়ি পাণ্ডুগ্রামেই।
এদিন দামোদর বাবু জানান, ‘যেতে যেতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। বিধায়ক সাহেব আমাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছেন। পরে তাঁর লোকজনের মাধ্যমে আমাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। উনি না থাকলে কী যে হতো, জানি না।’
ঘটনায় বিধায়ক প্রশান্ত দিগার বলেন, ‘আমি কী এমন করেছি! এটা আমার কর্তব্য। বিধায়কের পরিচয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে মানবিকতার খাতিরে ওনার সেবা করেছি। একজন বৃদ্ধ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকবেন, আর দেখেও চলে যাব, এটা কি মানবিকতা? ওনার সুস্থতাই আমার কাছে কাম্য। উনি বর্তমানে ভালো আছেন।’
পদ-পদবি, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার দাপট নয়, বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই যে জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব, পাণ্ডুগ্রামের এই ঘটনা ফের সেই বার্তাই সামনে আনল।