ব্রেকিং

লিলুয়ায় বহুতলের গ্যারেজে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক গাড়ি

Monday, 19 October 2026 at 17:52 Superadmin
Share
লিলুয়ায় বহুতলের গ্যারেজে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক গাড়ি
বহুতলের গ্যারেজে পুড়ে যাওয়া গাড়ি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা

সুমন আদক, হাওড়া: 


দুর্গাপুজোর উৎসবের আবহে সোমবার মহাষ্টমীর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার লিলুয়ায়। লিলুয়ার রবীন্দ্র সরণিতে হোলি ফ্যামিলি স্কুলের কাছে অবস্থিত ওই বহুতল বাড়ির নিচে থাকা গ্যারেজে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজে থাকা গাড়িগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। 


অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে লিলুয়া দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বুঝে বালি ও হাওড়া থেকে আরও দুটি ইঞ্জিন আনা হয়। মোট তিনটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশও। 


দমকল সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর দিন বাড়ির বাসিন্দারা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা এবং তালাবন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দমকল কর্মীরা। প্রথমে সিঁড়ি ও হাফ ল্যান্ডিংয়ের কাঁচের দরজা ভেঙে জমে থাকা ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়। 

ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক সোমনাথ প্রামাণিক জানান, বাড়ির নিচের গ্যারেজে রাখা দু'টি গাড়িতে প্রথমে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর বাড়ির ভেতরে তিনজন আটকে থাকার খবর ছড়ালেও পরে জানা যায়, বাড়িতে কেউ ছিলেন না। ফলে বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে। তবে গ্যারেজে থাকা গাড়িগুলি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান দমকলের। প্রয়োজনে ফরেনসিক তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকল আধিকারিক। 


পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। উৎসবের সকালে জনবসতিপূর্ণ এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে এদিন আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।