কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার
বন্দে মাতরম সংবাদ
কলকাতা
পুজোর মধ্যে কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, ১৯ অক্টোবর, অষ্টমীর সকালে। পরে সেই ঘটনা প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, ওই দিন সকাল ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করে সিআইএসএফ। মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার ব্যাংককগামী ভুটান এয়ারলাইন্সের বি৩৭০০ বিমানের যাত্রীদের ব্যাগের তল্লাশি চলছিল। সেই সময়েই আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় এক পুরুষ ও এক মহিলার ব্যাগ তল্লাশির সময়ে সন্দেহ হয় সিআইএফএফের। তল্লাশির সময়ে ব্যাগের মধ্যে একটি গোপন অংশ থেকে খবরের কাগজে মোড়া ওই পরিমাণ মার্কিন ডলারের বান্ডিল উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, পুরুষ যাত্রীর ব্যাগ থেকে ৭৪ হাজার ৯০০ ডলার ও মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৪৫ হাজার ডলার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ ডলার উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে কলকাতায় আসা একটি বিমানের যাত্রীর কাছ থেকে প্রায় ৭০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্রে খতিয়ে দেখা হচ্ছে।