বোমা হুমকি লেখা চিরকুট কলকাতা বিমানবন্দরে, কড়া সতর্কতা
বন্দে মাতরম সংবাদ, কলকাতা:
‘৩০ নম্বর গেটে বোমা রাখা আছে’। দমদম বিমানবন্দরে মহিলাদের শৌচালয় থেকে শুক্রবার সকালে এই চিরকুট উদ্ধারকে ঘিরে তীব্র শোরগোল পড়ে। ঘটনার পরেই তল্লাশি শুরু করে একাধিক সুরক্ষা এজেন্সি। বিমানবন্দর থানা, সিআইএসএফ এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। ৩০ নম্বর গেট-সহ পুরো বিমানবন্দর চত্বরজুড়ে অভিযানে নামে পুলিশ-সিআইএসএফ।
এদিকে কে বা কারা এই ধরনের চিরকুট বিমানবন্দরে রাখলেন তা খতিয়ে দেখা হচ্ছে। নিছক ভয় দেখানোর জন্য এই চিরকুট রাখা হল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিমানযাত্রীদের মধ্যে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তা বিমানবন্দরের সুরক্ষায় নিয়োজিত আধিকারিকরা খতিয়ে দেখছেন। যে সাফাই কর্মীরা এই চিরকুট উদ্ধার করেছেন, তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে বলেই খবর।
এদিকে উৎসবের মরসুমে বিমানবন্দরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যেই এই ঘটনাকে ঘিরে গোটা বিমানবন্দর চত্বরজুড়ে সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে গত ৮ অক্টোবর কলকাতা বিমানবন্দরে আচমকাই হুমকি মেল আসে। বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে বলে সেদিন ইমেলে উল্লেখ করা হয়েছিল। এরপর গোটা বিমানবন্দরে তল্লাশি করে সিআইএসএফ। তবে শেষ পর্যন্ত সেসময় কোনও বিস্ফোরক উদ্ধার করা হয়নি।