Koel Mallick: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
বন্দে মাতরম সংবাদ: রাজ্য রাজনীতিতে বড় চমক দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বিশিষ্ট টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর, রবিবার, ৪ অক্টোবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গের শূন্য আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে। এর ঠিক একদিন পর, এদিন সোমবার আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগদান করলেন।
বিজেপিতে যোগ দিয়ে কোয়েল মল্লিক জানান, যে তিনি রাজ্যের উন্নয়ন এবং বেশি করে কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্রতে শামিল হতে চান। তিনি জনসেবা ও গঠনমূলক রাজনীতির ওপর জোর দেওয়ার কথা বলেছেন।
এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হলেও, পরবর্তীতে তিনি সেই পদ ছেড়ে দেন। চলতি মাসের ১৬ অক্টোবর রাজ্যসভার ওই শূন্য আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে এবং বিজেপির টিকিটে তাঁর উচ্চকক্ষে পুনরায় প্রবেশ প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন কোয়েল। বিগত কয়েক মাসে রাজ্যে উন্নয়নের কাজে অভিভূত অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, ‘আমি সত্যি সম্মানিত। এটা বিরাট দায়িত্ব। দেশের মানুষের কল্যাণের দায়িত্ব পালন করতে চাই। আমি চাই বাংলার মানুষ আনন্দে থাকুন। কাজ বাড়ুক। এখন সোশ্যাল মিডিয়ায় তিক্ততা বাড়ছে। তার কারণ কাজের অভাব। সেটা বুঝতে হবে, মানতে হবে। বাংলায় আরও স্কুল বাড়ার দরকার। প্রতি স্তরের মানুষের জন্য। যাঁরা নিম্নবিত্ত তাঁদের জন্য আমাদের ভাবতে হবে।’