স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে, বাবাকে খুন! ধৃত যুবক
বন্দে মাতরম সংবাদ, বাঁকুড়া:
স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে বাবাকে খুন! অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়ালো গ্রামে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখি থানার দামোদর তীরবর্তী লালবাবা মানাচরে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক। পুলিশ ধৃত যুবকের কাছ থেকে খুনে ব্যবহার করা ধারলো অস্ত্রটি উদ্ধার করেছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম রুম্পা চৌধুরী(৩৯)। অভিযুক্তের বাবার নাম রাজেন্দ্র চৌধুরী(৬০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মঙ্গল চৌধুরী ও স্ত্রী নিয়মিত একটি মন্দিরে বসে পুজো-অর্চনা করতেন। মাঝে মাঝেই স্থানীয়দের নজরে আসত যে তাঁদের বাড়িতে এক তান্ত্রিকের নিয়মিত যাতায়াত ছিল।
অভিযোগ, সোমবার অষ্টমীর রাতে সোনামুখীর মানা চরের বাসিন্দা মঙ্গল চৌধুরী প্রথমে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী রুম্পাকে খুন করার পর তাঁর মুণ্ডু কেটে নিয়ে মন্দিরে রেখে দেয়। পরে বাড়ির উঠোন থেকেই তাঁর বাবা রাজেন্দ্র চৌধুরীর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে তন্ত্রসাধনা ও বশীকরণের যোগ রয়েছে বলে প্রাথমিক সন্দেহ তদন্তকারীদের। একই পরিবারের দুই সদস্যের এমন নৃশংস পরিণতির রোমহর্ষক খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বামী-স্ত্রী মিলে পুজোপাঠ করত। কিন্তু এইরকম ঘটনা জীবনে প্রথমবার দেখলাম। দু’জনকে খুন করে ধারালো অস্ত্র নিয়ে এলাকার মানুষকেও তাড়া করছিল ছেলেটা। তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
যদিও পারিবারিক অশান্তির কারণে হত্যাকাণ্ডের কথাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।