ব্রেকিং

তামাকমুক্ত গ্রামের স্বীকৃতি অর্জন করল কেরলের কিঝামাদ

Tuesday, 6 October 2026 at 20:18 Superadmin
Share
তামাকমুক্ত গ্রামের স্বীকৃতি অর্জন করল কেরলের কিঝামাদ

বন্দে মাতরম সংবাদ, তিরুবনন্তপুরম: প্রাণঘাতী তামাকের বিরুদ্ধে লড়াইয়ে এক বিরাট নজির গড়ল কেরল। রাজ্যের এর্নাকুলাম জেলার গ্রাম পঞ্চায়েতের কিঝামাদ গ্রাম কেরলের প্রথম ‘তামাকমুক্ত গ্রাম’-এর স্বীকৃতি অর্জন করেছে। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত কঠোর মানদণ্ড পূরণ করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে গ্রামটি। কেন্দ্র নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ১৫০ নম্বরের মধ্যে ১৪৪ নম্বর পেয়ে কিঝামাদ গ্রাম এই গৌরব অর্জন করেছে। টানা প্রায় নয় মাস ধরে চলা ধারাবাহিক সচেতনতামূলক প্রচার ও প্রশাসনিক নজরদারির ফলেই এই সাফল্য এসেছে। 


কেরল সরকারের ‘কুডুম্বাশ্রী’ ইউনিট, ‘হারিতা কর্মা সেনা’, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তামাকমুক্ত গ্রাম ঘোষণার অর্থ এই নয় যে সেখানে তামাক সেবনকারী কেউ নেই বা তামাকজাত পণ্য সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। মূল বিষয়টি হল শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সিদের কাছে তামাক বা তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা এবং ধূমপানকে উৎসাহিতকারী বিজ্ঞাপন সরিয়ে ফেলা। সমস্ত সরকারি-বেসরকারি অফিস, দোকান ও হোটেল চত্বরে ‘ধূমপান দণ্ডনীয় অপরাধ’ সংক্রান্ত সতর্কবার্তা বাধ্যতামূলক করা।


জনস্বাস্থ্য রক্ষায় এবং তরুণ প্রজন্মকে নেশার গ্রাস থেকে রক্ষা করতে কেরলের এই উদ্যোগ গোটা দেশের কাছে প্রশংসার দাবি রাখে।