ব্রেকিং

কুনো জাতীয় উদ্যানে জখম চিতা শাবক, নেপথ্যে কি চোরাশিকারিরা?

Tuesday, 27 October 2026 at 15:01 Superadmin
Share
কুনো জাতীয় উদ্যানে জখম চিতা শাবক, নেপথ্যে কি চোরাশিকারিরা?

বন্দে মাতরম সংবাদ 


মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) জখম একটি চিতাশাবক। ১৯ মাস বয়সি চিতা শাবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কুনোর বন্যপ্রাণ সুরক্ষা এবং ‘প্রোজেক্ট চিতা’ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৫ অক্টোবর সন্ধ্যায় মধ্যপ্রদেশের মোরেনা জেলার পাহাড়পুর এলাকার কুনো সুরক্ষিত বনাঞ্চলের বাইরে থেকে চিতাটিকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। মাদি চিতা ‘নিরভা’-র এই ১৯ মাস বয়সি পুরুষ শাবকটি এতটাই জখম ছিল যে সে নিজে থেকে নড়াচড়াও করতে পারছিল না।


কুনো উদ্যানে জন্ম নেওয়া এই চিতাটিকে ‘ভারতীয়’ চিতা হিসেবেই ধরা হচ্ছে, কারণ কুনোতেই জন্ম নেওয়া শাবকদের সংখ্যা এখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

চিতাটির শরীরের পিছন দিকে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে কুনোর পশু চিকিৎসালয়ে কঠোর পর্যবেক্ষণে (‘গার্ডেড সিচুয়েশন’) রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। কুনোর চিফ কনজারভেটর অফ ফরেস্ট উত্তম শর্মার মতে, চিতাটির অবস্থা অত্যন্ত সংকটজনক এবং পরবর্তী ৭২ ঘণ্টা না কাটলে তার শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


প্রতিটি চিতার সুরক্ষার জন্য তাদের গলায় রেডিও কলার পরানো থাকে এবং নিয়মিত ট্র্যাকিং করা হয়। তা সত্ত্বেও কীভাবে এই শাবকটি সবার অলক্ষ্যে এতখানি গুরুতর আঘাত পেল, তা নিয়ে বড়োসড়ো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

এই ঘটনার নেপথ্যে চোরাশিকারিদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বন দফতর। বিশেষ করে গত জুলাই মাসেই কুনো অঞ্চল থেকে লেপার্ডের চামড়া উদ্ধার এবং বেশ কয়েকজন চোরাশিকারি গ্রেপ্তারের ঘটনা ঘটায় এই আশঙ্কা আরও জোরালো হয়েছে। প্রাথমিক তদন্তে বা স্থানীয় সূত্রে অনুমান করা হচ্ছে যে, চিতাটি কোনও গ্রামে ঢুকে পড়ে থাকতে পারে এবং সেখানে গ্রামবাসীদের বা গবাদি পশুর রক্ষীদের হামলার শিকার হয়ে থাকতে পারে। আবার অন্য কোনও বন্যপ্রাণীর সঙ্গেও সংঘাতে জড়িয়ে থাকতে পারে সে।


ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে মধ্যপ্রদেশের স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স বন দফতরের ডগ স্কোয়াড এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে। এক্স-রে সহ চিতাটির অন্যান্য মেডিকেল পরীক্ষা চলছে এবং বিশেষজ্ঞদের দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।