ব্রেকিং

ফাঁকা বাড়িতে চুরি, গ্যারেজে অগ্নিকাণ্ড! গ্রেফতার গৃহকর্মী

Tuesday, 20 October 2026 at 23:00 Superadmin
Share
ফাঁকা বাড়িতে চুরি, গ্যারেজে অগ্নিকাণ্ড! গ্রেফতার গৃহকর্মী
ধৃত পূর্ণিমা দাস

সুমন আদক, হাওড়া: 


দুর্গাপুজোর মহাষ্টমীর সকালে ফাঁকা বাড়িতে চুরির পর গ্যারেজে অগ্নিকাণ্ড। প্রথমে ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে মনে হলেও তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার লিলুয়ার রবীন্দ্র সরণীতে হোলি ফ্যামিলি স্কুলের কাছে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে পরিবারের দীর্ঘদিনের পরিচিত গৃহকর্মী পূর্ণিমা দাসকে। ৬০ বছর বয়সী ধৃত মহিলা ওড়িশার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি ফাঁকা থাকার সুযোগে ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ প্রায় দু’লক্ষ টাকা চুরি করেন তিনি। এরপর চুরির প্রমাণ মুছে ফেলতে গ্যারেজে রাখা গাড়িতে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গ্যারেজে থাকা গাড়িগুলিতে। পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

প্রাথমিকভাবে গ্যারেজে রাখা দুটি গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান করেছিলেন দমকল আধিকারিকরা। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তেই বাড়ির সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, চুরি এবং গাড়িতে আগুন লাগানোর ঘটনাক্রম ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর তাঁকে গ্রেফতার করা হয়। 

জানা গিয়েছে, চিকিৎসক ডা. অসীমকুমার ঘোষের পরিবারের সঙ্গে প্রায় আট বছর ধরে গৃহকর্মী হিসেবে যুক্ত ছিলেন পূর্ণিমা দাস। দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে পরিচিত থাকার সুবাদে বাড়ির একটি চাবি থাকতো তাঁর কাছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।