ব্রেকিং

পূর্ব বর্ধমানে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ১, গুরুতর জখম ৮

Thursday, 22 October 2026 at 14:35 Superadmin
Share
পূর্ব বর্ধমানে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ১, গুরুতর জখম ৮


পত্রলেখা বসু, পূর্ব বর্ধমান:


বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুজহাটি এলাকায় জাতীয় সড়কের ওপর এক ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি মাছবোঝাই গাড়ি উলটে যায়,। সেই দৃশ্য দেখতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় এক দম্পতি। শুধু তাই নয়, সেই দুর্ঘটনার জেরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে অন্য একটি গাড়িও দুর্ঘটনার সম্মুখীন হয়। একটি বেপরোয়া ডাম্পারের ধাক্কায় একাধিক গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ বর্ধমানমুখী লেনে একটি মাছবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে মাঝরাস্তায় উলটে যায়। এর ফলে সারা রাস্তায় মাছ ছড়িয়ে পড়ে এবং গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় ডিভাইডারের কাছে ছিটকে পড়েন।


মাছবোঝাই গাড়ি উলটে যাওয়ার পর সার্ভিস রোড দিয়ে যাওয়া একটি টোটো এবং একটি স্কুটিতে থাকা এক দম্পতি ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি দেখতে শুরু করেন। ঠিক সেই সময় বিপরীত লেন দিয়ে হুগলির গুড়াপের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির চালক দুর্ঘটনাটি দেখতে পেয়ে নিজের গাড়ি ঘুরিয়ে রাস্তায় দাঁড়িয়ে অন্যান্য যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। পরিস্থিতি যখন সামাল দেওয়ার চেষ্টা চলছে, ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে আসা একটি বেপরোয়া ডাম্পার দাঁড়িয়ে থাকা টোটো, স্কুটি এবং চারচাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে ছিটকে পড়ে।


দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত তৎপর হয়ে উদ্ধারকাজে নামে। প্রথমে ৭ জনকে এবং পরে আরও একজনকে হাসপাতালে পাঠানো হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় টোটোয় থাকা যাত্রীরা মারাত্মকভাবে জখম হয়েছেন। বিশেষ করে একজনের পা সম্পূর্ণ কেটে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘাতক ডাম্পারটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।