হিট অ্যান্ড রান! তিনজনের মৃত্যুতেও নির্বিকার ঘাতক গাড়ির চালক
বন্দে মাতরম সংবাদ, তিরুবনন্তপুরম: ‘ব্যাপার বাবা বুঝে নেবে’ দুর্ঘটনায় তিন বাইক আরোহীর মৃত্যুর পর নির্বিকার উত্তর দিলেন ঘাতক গাড়ির চালক। অভিযুক্তের এই উত্তরে হতবাক পুলিশ। রবিবার গভীর রাতে কেরলমের রাস্তায় দুর্ঘটনা ঘটে। একটি মিনি কুপার গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিন বাইক আরোহী। তিনজনেরই মৃত্যু হয়। মিনি কুপার গাড়িটি চালাচ্ছিলেন বছর ১৯-এর এক তরুণ। কিন্তু দুর্ঘটনা ঘটনানোর পরেও আশ্চর্য নির্বিকারভাবে উত্তর দিলেন তিনি। তিনজনের মৃত্যুর পরেও অভিযুক্তের সাফ জবাব, ব্যাপারটা বাবা বুঝে নেবে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ইজাজ নামে এক যুবক বাইক চালাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন গোপিকা ও দেবিকা নামের দুই তরুণী। তিনজনেরই বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। কাছে একটি বেসরকারি অফিসে কাজ করতেন তাঁরা। রাতে ডিউটি চলাকালীন চা খেতে বেরিয়েছিলেন তিনজনে। আচমকা পিছন দিক একটি মিনি কুপার এসে তাদের বাইকটিকে ধাক্কা দেয়। তিনজনেই রাস্তায় ছিটকে পড়েন। তাদের বাইকটিকে গাড়ির সঙ্গে লেগেই প্রায় ১০০ মিটার পর্যন্ত হেঁচড়ে নিয়ে যায়, তার পর গাড়িটি থামান চালক। গাড়িটির চালকের আসনে ছিলেন সুহেল সজীব নামের এক তরুণ। তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। অভিযোগ, তিনি মদ্যপ ছিলেন।
কেরলমে মদ খাওয়ার আইনি বয়সসীমা ২৩ বছর। এই ঘটনার পরে সমস্ত পানশালায় নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন কেরলমের আবগারি মন্ত্রী এম লিজু।