Purulia: অতিরিক্ত মাল বোঝাই যান চলাচলে মোটা জরিমানা
বন্দে মাতরম সংবাদ, রঘুনাথপুর: অতিরিক্ত মাল বোঝাই করে যানবাহন চলাচল রুখতে বিশেষ অভিযান চালাল পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার রঘুনাথপুর ও নিতুড়িয়া থানা এলাকায় মোটর ভেহিকলস ইন্সপেক্টর (এমভিআই)-এর সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত মাল বোঝাই অবস্থায় পাঁচটি যানবাহন আটক করা হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ওই পাঁচটি গাড়ির বিরুদ্ধে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত মাল বোঝাই করে যান চলাচলের ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সেই কারণে যানবাহনে নির্ধারিত সীমার বেশি মাল বোঝাই রুখতে এই বিশেষ অভিযান চালানো হয়। পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘আমাদের এই অভিযান নিয়মিত চলবে বিভিন্ন রোডে।’
অভিযানে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এসডিপিও রোহেদ শেখ, সিআই সৌরাংশু রায়, আইসি অতনু সাঁতরা এবং এমভিআই আধিকারিকরা।