CM Shuvendu Adhikari: চা-শ্রমিকদের জন্য ৩৩০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বন্দে মাতরম, সংবাদ: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার জলপাইগুড়িতে মূর্তি নদীতে সেতু উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই জলপাইগুড়ি থেকেই চা শ্রমিকদের মুখে হাসি ফোটালেন তিনি। পুজোর মুখে সুখবর, চা-শ্রমিকদের জন্য ৩৩০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে বন্ধ চা-বাগান খোলার আশ্বাস দিলেন তিনি। একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সফর করেন তিনি। এদিন প্রাকৃতিক দুর্যোগে দার্জিলিংয়ের কালীখোলা ব্রিজ নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
এদিন দুপুরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে জলপাইগুড়ি জেলার টিয়াবনের মাঠে নাং। সেখান থেকে সড়ক পথে মূর্তি সেতুর সামনে আসেন। তার পর সেতুর উদ্বোধন করেন তিনি ৷ এর পর তিনি মিনিট চারেকের ছোট্ট ভাষণে সেতু উদ্বোধন থেকে বিশ্ব গণ্ডার দিবস, একাধিক বিষয় উল্লেখ করেন।
এই দিনের অনুষ্ঠান থেকে করম পুজো, দুর্গাপুজো, দীপাবলির প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসবের প্রসঙ্গ তুলে ধরেই চা-শ্রমিকদের প্রসঙ্গে আসেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘করম পরম ও আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমি এই অঞ্চলের সকল মানুষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছে, ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবে। চা-বাগান শ্রমিকদের জন্যও সুখবর রয়েছে।’
মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রধানমন্ত্রী চা-শ্রমিক যোজনা’ চালু করেছিলেন৷ অসম এর পূর্ণ সুবিধা নিলেও এখানকার পূর্ববর্তী সরকার তা নেয়নি। দায়িত্ব গ্রহণের পরেই আমরা উত্তরবঙ্গ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ৩৩০ কোটি টাকার একটি প্রস্তাব জমা দিয়েছিলাম, যা বিশেষত চা-বাগান শ্রমিকদের (বন্ধ বাগানের শ্রমিক-সহ) জন্য ছিল। ভারত সরকার গত বৃহস্পতিবার তাতে অনুমোদন দিয়েছে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা বন্ধ চা-বাগানগুলো পুনরায় চালু করা এবং আসন্ন উৎসবের মরশুমে ২০ শতাংশ বোনাস প্রদান নিশ্চিত করার মতো কাজগুলো হাতে নেব। গত নির্বাচনে আপনারা আমাদের যে অশেষ আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান হিসেবে উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে আমরা আপনাদের কাছে থাকা কৃতজ্ঞতার ঋণ শোধ করার চেষ্টা করব।’ এদিন চা-শ্রমিকদের উদ্দেশে পুরো বার্তাটাই হিন্দিতে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।