বেলকুঁড়ি টোল প্লাজার কাছে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড, বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা চারজনের
পিউ নন্দী, পুরুলিয়া: চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্বল থানার বেলকুঁড়ি টোল প্লাজা সংলগ্ন এলাকায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ছোট চার চাকা গাড়িটি। তবে চালকের সময়োচিত পদক্ষেপে প্রাণে রক্ষা পান গাড়িতে থাকা চালক-সহ চারজন।
জানা গিয়েছে, গাড়িটি পুরুলিয়া থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। বেলকুঁড়ি টোল প্লাজার কাছে আসতেই গাড়িতে অস্বাভাবিক ধোঁয়া ও আগুনের লক্ষণ দেখতে পান চালক। পরিস্থিতি বুঝে দ্রুত গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দেন তিনি। এরপর গাড়িতে থাকা সকলেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। তাঁরা নিরাপদ স্থানে সরে যাওয়ার পরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গোটা গাড়িটি আগুনের কবলে চলে যায়।
ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সাময়িক উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। যদিও অন্য লেন দিয়ে যানবাহন চলাচল অব্যাহত ছিল।
এই ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হলেও কোনও প্রাণহানির খবর নেই। কী কারণে চলন্ত গাড়িতে আগুন লাগল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। যান্ত্রিক ত্রুটি, শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।