Delhi Metro: মেট্রোতে যুবককে পিটিয়ে খুনে ধৃত প্রাক্তন আমলা সহ পুত্র
বন্দে মাতরম সংবাদ, নয়াদিল্লি: মেট্রোর সংরক্ষিত আসনে কে বসবে, সেই নিয়ে বচসা শুরু। সেই বচসা থেকে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল দিল্লির মেট্রোতে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন আইএএস আধিকারিক সঞ্জয় প্রতাপ সিংকে। আধিকারিকের পুত্র সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ সিংকেও গ্রেফতার করেছে পুলিশ।
গত ৮ অক্টোবরের ঘটনা। জানা গেছে, বছর ৪৮-এর পবন শর্মা নামে এক যুবক, তার মা দুর্গাদেবী (৬৫) নিয়ে যমুনা বিহার যাচ্ছিলেন। মান্ডি হাউস থেকে মেট্রোয় ওঠার পর প্রবীণ নাগরিকদের বসার আসন নিয়ে বচসা শুরু হয় প্রাক্তন আইএএস আধিকারিক সঞ্জয় সিংয়ের সঙ্গে। পবন ও তাঁর মা ওই সংরক্ষিত আসনে বসেছিলেন। প্রথমে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি, এর পরে মারধর। অভিযোগ সঞ্জয় সিং ও তার পুত্রের মারের চোটে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যান পবন। দ্রুত তাঁকে মেট্রো স্টাফ এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ছেলেকে পিটিয়ে খুনের ঘটনায় মৃতের মা গত ৯ অক্টোবর থানায় এফআইআর দায়ের করেন। তদন্তে নেমে দুই অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলার পর দুই অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, প্রাক্তন আমলা সঞ্জয় সিংকে আগে ঘুষের মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। এবার খুনের অভিযোগে পুত্রসহ জেলে যেতে হল তাকে।