Minister Swapan Dasgupta: বেলুড় মঠে পুজো দিলেন অর্থমন্ত্রী
সুমন আদক, হাওড়া: বেলুড় মঠে পুজো দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত। সোমবার সকাল ১০টা নাগাদ বেলুড় মঠে পৌঁছে প্রথমে রামকৃষ্ণ পরমহংসদেবের মূল মন্দির, সারদা মায়ের মন্দির এবং স্বামী বিবেকানন্দের আবাসগৃহ পরিদর্শন করেন তিনি। মন্দিরগুলিতে প্রণাম জানিয়ে পুজো দেওয়ার পর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী। দু’জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এরপর বিদ্যামন্দিরের মিলনায়তনে আয়োজিত ছাত্র সংলাপ অনুষ্ঠানে যোগ দেন ড. স্বপন দাশগুপ্ত। সেখানে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি নিজের চিন্তাভাবনা তুলে ধরেন তিনি। ধর্মীয় আবহে পুজো ও প্রণামের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বেলুড় মঠ সফর সম্পন্ন করেন অর্থমন্ত্রী।