ব্রেকিং

ED: দেশের ১৭ টি জায়গায় আজ চলছে ইডির তল্লাশি অভিযান, রয়েছে কলকাতাও

Wednesday, 23 September 2026 at 15:13 Superadmin
Share
ED: দেশের ১৭ টি জায়গায় আজ চলছে ইডির তল্লাশি অভিযান, রয়েছে কলকাতাও
ED


বন্দে মাতরম, সংবাদ: পুজোর আগে কলকাতায় ফের ইডির হানা। মহানগরের একাধিক জায়গায় অভিযানে ইডি। এর মধ্যে রয়েছে কলকাতার বালিগঞ্জ ও নিউ আলিপুরের একাধিক স্থান। আর্থিক তছরুপ সহ বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচারের তদন্তেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র তরফে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময়ের নামে বড় আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগ আসছে। কোটি কোটি টাকা পাচারের অভিযোগ সামনে এসেছে। সেই সূত্র ধরেই কলকাতার দুই জায়গায় হানা দেয় তদন্তকারী আধিকারিকরা।


দুটি সংস্থার দুই কর্তার বাড়িতে সাতসকাল থেকেই চলে তল্লাশি। ব্যবসায়ীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও সংস্থার নথিপত্র সবই ইডির স্ক্যানারে। প্রচুর পরিমাণে বিদেশি টাকা বিনিময় হয়েছে বলে তদন্তকারীদের কাছে খবর আসে। তদন্তে নেমে দেখা যায় দেশজুড়েই এই চক্র তার শাখা-প্রশাখা বিস্তার করেছে। ফলে জোরকদমে অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


আজ, বুধবার সকালে সারা দেশে, দিল্লি কলকাতা বেঙ্গালুরু-সহ মোট ১৭টি জায়গায় তল্লাশি চলছে ইডির। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে সকালে থেকে অভিযান চলছে। ব্যবসায়ীদের সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে বালিগঞ্জ এবং নিউ আলিপুরের ওই ব্যবসায়ীদের বাড়ি-অফিসে তল্লাশি অভিযান চলে। নিরাপত্তায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


বেশ কিছুদিন আগে কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি। নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর-সহ কলকাতার একাধিক জায়গায় এই অভিযান চালায় তদন্তকারীরা।

চিটফান্ডের মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। সেই টাকা বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায় লাগানো হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে।