পলাশীর যুদ্ধেরও আগে পুজোর সূচনা! ফলতার দেব সরকার বাড়ির দুর্গাপুজোয় আজও অটুট ২৮২ বছরের ঐতিহ্য
শুভজিৎ দাস, দক্ষিণ ২৪ পরগনা:
ইতিহাসের পাতায় জড়িয়ে থাকা ঐতিহ্য আজও সগৌরবে বহন করে চলেছে ফলতার মালা গ্রামের দেব সরকার বাড়ির দুর্গাপুজো। প্রায় ২৮২ বছরের পুরনো এই পুজোর সূচনা হয়েছিল ১১৫২ বঙ্গাব্দে, অর্থাৎ আনুমানিক ১৭৪৪ সালের সময়ে। পলাশীর যুদ্ধেরও আগে শুরু হওয়া এই পুজো আজও পরিবারের সদস্যদের কাছে আবেগ ও পরম্পরার প্রতীক।
জানা গিয়েছে, কলকাতার ব্যবসায়ী পরিবারের সদস্য বিহারীলাল দেবের সঙ্গে ব্রিটিশ গভর্নরদের সুসম্পর্ক থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁদের ‘সরকার’ উপাধি দিয়েছিল। পরবর্তীকালে তাঁর নাতি কালিকৃষ্ণ দেব সরকার এই দুর্গাপুজোর সূচনা করেন।
এই পুজোর অন্যতম বিশেষত্ব, বোধন থেকে দশমী পর্যন্ত যাবতীয় আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান বাড়ির মহিলারা। নাড়ু তৈরি, কলাবউ স্নান থেকে সন্ধিপুজোর আয়োজন, সবেতেই থাকে তাঁদের সক্রিয় অংশগ্রহণ। বংশপরম্পরায় একই পরিবারের পটুয়া ও পুরোহিতের মাধ্যমেই প্রতিমা নির্মাণ ও পুজো সম্পন্ন হয়ে আসছে।
একসময় পুজোর চার দিন বাড়ির সামনের মাঠে বসত প্রতিযোগিতামূলক যাত্রাপালার আসর। লোকমুখে শোনা যায়, চারণ কবি মুকুন্দ দাসও সেই আসরে এসেছিলেন। বর্তমানে যাত্রাপালা বন্ধ হলেও পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে গান-বাজনার আয়োজন করেন। সময় বদলালেও দেব সরকার বাড়ির দুর্গাপুজোয় আজও অটুট বনেদিয়ানা ও পারিবারিক ঐতিহ্য।