ব্রেকিং

সপ্তমীতে উপচে পড়া ভিড়, বন্দে মাতরমের আবহে দুলমিতে পুজোর উন্মাদনা

Sunday, 18 October 2026 at 14:18 Superadmin
Share
সপ্তমীতে উপচে পড়া ভিড়, বন্দে মাতরমের আবহে দুলমিতে পুজোর উন্মাদনা

পিউ নন্দী, পুরুলিয়া: 


সপ্তমী থেকেই পুজোর আনন্দে মেতে উঠেছে শহর পুরুলিয়া। সন্ধ্যা নামতেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, রাত বাড়লেও কমছে না প্রতিমা দর্শনের উৎসাহ। শহরের দুলমি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে গভীর রাত পর্যন্ত মানুষের সমাগম যেন সেই ছবিকেই আরও স্পষ্ট করে তুলছে। উদ্যোক্তাদের মতে, কলকাতার মতো আগেভাগেই প্যান্ডেল হপিংয়ের প্রবণতা দেখা যাচ্ছে জঙ্গলমহলেও সর্বজনীন।


দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৮৮তম বর্ষের পুজোয় এবারের মূল আকর্ষণ ‘বন্দেমাতরম’ থিম। বন্দেমাতরমের সার্ধশতবর্ষ পূর্তিকে সামনে রেখে দেশাত্মবোধের বার্তা তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা। থিমের ভাবনা ও মণ্ডপের আকর্ষণ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। পুরুলিয়ার পুজোর মানচিত্রে নিজেদের আলাদা পরিচিতি তুলে ধরতেই এই বিশেষ ভাবনাকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


শহরের পুজো ময়দানে এবার একাধিক আকর্ষণ। একদিকে নডিহা বারোয়ারি দুর্গাপুজো, অন্যদিকে শতবর্ষে পা-রাখা উপর নডিহা ষোলোআনা কমিটির পুজো। সব মিলিয়ে দর্শনার্থীদের সামনে রয়েছে নানা বিকল্প। তারই মধ্যে ৮৮ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে বন্দেমাতরমের বার্তা নিয়ে নজর কাড়ছে দুলমির পুজো। পুজোকে কেন্দ্র করে শহরের উৎসবের আবহও ক্রমশ জমে উঠছে।


কমিটির সম্পাদক দীপু সরকার বলেন, 'বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে এবারের থিম নির্বাচন করা হয়েছে।' তাঁর কথায়, আগে পুরুলিয়ায় সাধারণত সপ্তমী থেকেই প্যান্ডেল হপিংয়ের ভিড় বাড়ত। কিন্তু এবার চতুর্থী থেকেই বিভিন্ন মণ্ডপে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় খুশি পুজো কমিটির সদস্যরা।


উৎসবের এই ব্যস্ততার মাঝেও পিছিয়ে নেই মহিলা সদস্যরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুজোর নানা কাজে যুক্ত থাকার পাশাপাশি তাঁরাও উপভোগ করছেন উৎসবের আনন্দ। রাত বারোটা-একটা পর্যন্ত মাঠজুড়ে মানুষের ভিড় তাঁদের উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে দুলমির ৮৮তম বর্ষের পুজোয় ঐতিহ্য, দেশাত্মবোধ ও দর্শনার্থীদের উন্মাদনা মিলেমিশে একাকার।