ব্রেকিং

সিঁদুর খেলায় মাকে বিদায়, হাওড়ার গঙ্গার ঘাটে ঘাটে শুরু প্রতিমা নিরঞ্জন

Wednesday, 21 October 2026 at 23:35 Superadmin
Share
সিঁদুর খেলায় মাকে বিদায়, হাওড়ার গঙ্গার ঘাটে ঘাটে শুরু প্রতিমা নিরঞ্জন
হাওড়ার ঘাটে প্রতিমা নিরঞ্জনের পথে

সুমন আদক, হাওড়া: 


আজ বিজয়া দশমী। বিষাদের সুরে মাকে বিদায় জানানোর পালা। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন পুজোমণ্ডপে শুরু হয় সিঁদুর খেলা ও দেবী বরণ পর্ব। লাল পাড় সাদা শাড়িতে সেজে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। একে অপরকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে উমাকে বিদায় জানানোর পাশাপাশি আগামী বছরের জন্য মায়ের কাছে প্রার্থনা করেন সকলে। উৎসবের আনন্দের মধ্যেও বেজে ওঠে বিদায়ের সুর। 


অন্যদিকে, দশমীর দিন থেকেই হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে শহরের বিভিন্ন ঘাটে একে একে নিয়ে আসা হচ্ছে দুর্গাপ্রতিমা। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে নিরঞ্জনের প্রক্রিয়া। দেবীকে বিদায় জানাতে ঘাটে ঘাটে ভিড় জমাচ্ছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ। কোথাও শেষ মুহূর্তে চলছে পুজোর আনুষ্ঠানিকতা, কোথাও আবার প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। নিরঞ্জনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে ঘাটগুলিতে নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


সব মিলিয়ে বিজয়া দশমীতে একদিকে সিঁদুর খেলার আনন্দ, অন্যদিকে প্রতিমা নিরঞ্জনের বিষাদ—দুইয়ের মেলবন্ধনে হাওড়া জুড়ে ধরা পড়েছে বাঙালির চিরাচরিত দুর্গাপুজোর শেষ দিনের আবেগ। মর্ত্য থেকে বিদায় নিয়ে কৈলাসে ফিরে যাচ্ছেন উমা। অপেক্ষা আবার একটি বছরের। আগামী শরতে ফের মায়ের আগমনের আশায় বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছেন সকলে।