ব্রেকিং

বর্ণপরিচয়ে বিদ্যাসাগর-রবীন্দ্রনাথের মেলবন্ধন, নজর কাড়ছে বনগাঁর দীনবন্ধু স্মৃতি সংঘ

Wednesday, 21 October 2026 at 01:30 Superadmin
Share
বর্ণপরিচয়ে বিদ্যাসাগর-রবীন্দ্রনাথের মেলবন্ধন, নজর কাড়ছে বনগাঁর দীনবন্ধু স্মৃতি সংঘ

কুন্তল চক্রবর্তী, বনগাঁ:


স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের হাত ধরে বাঙালির শৈশবের পাঠশালায় ফিরিয়ে নিয়ে যাওয়ার অভিনব উদ্যোগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারাকে একসূত্রে গেঁথে ‘বর্ণপরিচয়’-এর আবহ ফুটিয়ে তুলেছে বনগাঁর দীনবন্ধু স্মৃতি সংঘের পুজো মণ্ডপ। বাংলা ভাষা, প্রাথমিক শিক্ষা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে তৈরি এই ভাবনা ইতিমধ্যেই দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

সনাতনী রীতিনীতি মেনে দীর্ঘ বছর ধরে দুর্গাপুজো করে আসছে এই পুজো কমিটি। তবে এই বছরের ভাবনায় রয়েছে ব্যতিক্রমী সংযোজন। মণ্ডপসজ্জায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের যৌথ উপস্থাপনার মধ্য দিয়ে শৈশবের প্রথম পাঠের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাঙালির নবজাগরণ ও সাহিত্য-সংস্কৃতির দুই দিকপাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে একই ভাবনায় তুলে ধরা হয়েছে।

পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সান্টু ঘোষ বলেন, 'প্রাথমিক শিক্ষার হাতেখড়ি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে আমরা হয়তো সেই প্রথম শিক্ষার স্মৃতি অনেকটাই ভুলে যাই। অথচ সেই শিক্ষা ও তার অর্জিত সম্পদ সারা জীবন আমাদের সঙ্গে থাকে। সেই শিকড়কে নতুন করে স্মরণ করতেই আমাদের এই উদ্যোগ।'

তিনি আরও বলেন, 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গর্ব ও সাংস্কৃতিক চেতনার দুই উজ্জ্বল নাম। তাঁদের ভাবনাকে একসঙ্গে তুলে ধরার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, বর্ণপরিচয় এবং শিক্ষার গুরুত্ব পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।'