Durga Puja: এবার উত্তরবঙ্গে বড়ো চমক, ১০০ কেজির গয়নায় সেজে উঠবে মা দুর্গা, আমন্ত্রিত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী
বন্দে মাতরম, সংবাদ- এবার উত্তরবঙ্গে বড়োসড়ো আকর্ষণ, সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো। একশো কেজি সোনার গহনায় সেজে উঠবে মা দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন পুজো কমিটির সদস্যরা।
প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। অনেকের কাছ থেকেই ইতিবাচক সাড়াও মিলেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তৃতীয়ার দিন হবে উদ্বোধন। কে উদ্বোধন করবে, তার নাম এখনও প্রকাশ্যে আনেনি পুজো কমিটির উদ্যোক্তরা।
দুর্গাপুজো মানেই নতুন চমক, এবার সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো সেই আকর্ষণ নিয়ে আসছে। এবছর তাদের পুজোর স্থান বদল হলেও আড়ম্বরে খামতি নেই।
সেনকো গোল্ডের সহযোগিতায় তারা ১০০ কেজি সোনা পরবেন মা দুর্গা সহ তার পরিবার। বালুরঘাটের বিখ্যাত শিল্পীর হাতে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। সেইসঙ্গে থাকছে চন্দনগরের শিল্পীদের আলোকসজ্জা। এই বছর পুজোর স্থান পরিবর্তন হয়েছে। এতদিন যে জায়গায় সেন্ট্রাল কলোনির পুজো হয়ে আসছিল, সেখানে রেলের তরফে ক্রিকেট মাঠ তৈরির কাজ হচ্ছে। সেই কারণে পুজোর স্থান পরিবর্তন হয়েছে। আগে যেখানে পুজো হত সেখান থেকে ২০০ মিটার দূরে নিউ জলপাইগুড়ি থানা ও নিউ
জলপাইগুড়ি রেলের পাশে একটি মাঠে এই বছর পুজোর আয়োজন করা হয়েছে।
তবে ১০০ কেজি সোনার সাজে সজ্জিত প্রতিমা দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। সেই কারণে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। মণ্ডপের প্রায় ৮ ফুট আগে থেকেই ব্যারিকেড করা হবে। গোটা চত্বর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে। কড়া নিরাপত্তা থাকবে চত্বরজুড়ে। মণ্ডপের পিছনেও পৃথক ব্যারিকেড করা হবে। দর্শনার্থীদের নির্দিষ্ট লাইন দিয়ে প্রতিমা দর্শন করতে হবে।