অস্বস্তি বাড়ল! মহুয়া মৈত্রকে তলব করল ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানা
কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানা। ফলে নতুন করে বিপাকে মহুয়া। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামী শনিবার তাঁকে ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানায় হাজিরা দিতে হবে। এক জনৈক ব্যক্তি মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। তৃণমূল সাংসদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানির অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য মামলায় জড়িয়েছেন মহুয়া মৈত্র। ফলে গ্রেফতারির আশঙ্কা! তবে এই নিয়ে কৃষ্ণনগরের সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পোস্টেই আপত্তি তুলেছেন ডায়মন্ড হারবারের এক ব্যক্তি। ওই ব্যক্তিই সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতেই আগামী শনিবার বেলা ১১টায় তাঁকে তলব করেছে পুলিশ। ওইদিন মহুয়াকে সাইবার ক্রাইম দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে হাই কোর্টে একটি মামলা বিচারাধীন। কৃষ্ণনগর সার্কিট হাউসে তাঁর উপর ডিম-হামলার ঘটনা নিয়ে মামলা করতে গেলে সাংসদকেই উচ্চ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়। যদিও সেই মামলায় হাই কোর্টের নির্দেশ মেনে তিনি থানায় হাজিরা দিয়েছিলেন। এবার ফের ডায়মন্ডের সাইবার ক্রাইম থানায় তলব মহুয়ার। ফলে নতুন করে অস্বস্তিতে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ।