দুর্গাপুজোয় পানাগড়ের কাঁকসায় 'লেজার শো' না করার নির্দেশ, শ্রীভূমি থেকে শিক্ষা নিয়ে সতর্ক প্রশাসন
বন্দে মাতরম সংবাদ: দুর্গাপুজোয় (Durga Puja) লেজার শো (Laser show) -এর আলোর ঝলকানি যেন বিপদের কারণ না হয়ে দাঁড়ায় তার জন্য সতর্ক প্রশাসন। মণ্ডপে মণ্ডপে আলোর ঝলকানিতে কোনও বাধা নেই, কিন্তু আলো যেন কোনওভাবেই বিমান চলাচলে বিঘ্ন না ঘটাতে পার। সেনা বিমান চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে কাঁকসার পুজো কমিটিগুলিকে (Kanksa Puja Committee) লেজার শো না করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের আশঙ্কা লেজার রশ্মির আলোর ঝলকানিতে বিমানচালকদের দৃষ্টি বিঘ্ন ঘটতে পারে।
পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বায়ুসেনা ছাউনি। দুর্গাপুরে রয়েছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। পানাগড় ও সংলগ্ন আকাশপথ দিয়ে বায়ুসেনার বিমান চলাচলের পাশাপাশি যাত্রীবাহী বিমানও যাতায়াত করে। ফলে দুর্গাপুজোর সময় মণ্ডপগুলিতে আলোকসজ্জা কিংবা লেজার শোয়ের কারণে যাতে বিমান চলাচলে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য আগেভাগেই সতর্ক করল প্রশাসন।
দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। মণ্ডপে মণ্ডপে চলছে কাজ। থিমের পাশাপাশি আলোকসজ্জা, নানা ধরনের আলোর প্রদর্শনী এখন উৎসবের অন্যতম আকর্ষণ। এর মধ্যে লেজার শো করে বেশ কিছু পুজো মণ্ডপ চমক দিয়ে থাকে। যাতে পুজো মণ্ডপগুলি আলোর সাজসজ্জা নিয়ে সতর্ক থাকে, তার জন্য আগেভাগেই সতর্ক করল প্রশাসন। পানাগড়ের মতো গুরুত্বপূর্ণ বিমান চলাচলের এলাকার ক্ষেত্রে এই ধরনের আলোর ব্যবহার নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন বলেই মনেই করছে প্রশাসন।
এই পরিপ্রেক্ষিতে কাঁকসায় পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে ব্লক প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। তিনি বলেন, ‘পুজোর দিনগুলিতে যাতে কোনও পুজো কমিটি প্রশাসনের নির্দেশ অমান্য করে লেজার শো না করে, তার জন্য কাঁকসা থানার পুলিশকে বাড়তি নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে কলকাতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর বুর্জ খালিফার আদলে মণ্ডপ করেছিল। মণ্ডপে লেজার শোয়ের বন্দোবস্ত করা হয়েছিল। এই পুজো কলকাতা বিমানবন্দরের খুব কাছাকাছি অবস্থিত। তাই বিমান অবতরণের লেজার লাইটের জন্য সমস্যায় পড়েন বিমান চালকেরা। পুজো মণ্ডপে লেজার শো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার তাই বিপদ এড়াতে আগেভাগেই সতর্ক দুর্গাপুর প্রশাসন।