কয়লাবাহী মালগাড়ি থেকে পড়ে মৃত সিআইএসএফ জওয়ান
কল্যান চন্দ্র, ফরাক্কা:
কয়লাবাহী মালগাড়ি থেকে পড়ে নিহত এক সিআইএসএফ জওয়ান। মৃতের নাম অশোককুমার ঘাদেই(৪৭)। তিনি সিআইএসএফ-এর হেড কনস্টেবল(জিডি) পদে কর্মরত ছিলেন।
ওড়িশার ঢেঙ্কানাল জেলার বাসিন্দা অশোককুমার ঘাদেই ফরাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের কুমারপুর এলাকার কাছে। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সিআইএসএফ ইউনিটে শোকের ছায়া নেমে এসেছে।
সিআইএসএফ এবং এনটিপিসি সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসছিল একটি মালগাড়ি। ওই মালগাড়ির উপরে নজরদারি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন অশোক বাবু। কর্তব্যরত অবস্থায় মালগাড়িতে কোনও অস্বাভাবিক বিষয় তাঁর নজরে আসে।সেই সময় মালগাড়ি থেকে নামার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চলন্ত মালগাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই জওয়ান। ঘটনার পরেই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ সাহেবগঞ্জ জেলার রাজমহল স্বাস্থ্যকেন্দ্রের মর্গে পাঠানো হয়। ঠিক কী কারণে ওই জওয়ান চলন্ত মালগাড়ি থেকে নামার চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সিআইএসএফ।
এই বিষয়ে ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ আধিকারিক অর্পিত বর্মা জানান, কুমারপুর স্টেশনের প্রায় এক কিমি আগে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করে মালগাড়ির ব্রেকভ্যান থেকে গাড়ি ধীরে চালানোর জন্য বলা হয়। সেই সময়ে ওই জওয়ান মালগাড়ি থেকে নেমে দেখার চেষ্টা করেন। তখন কোনও ভাবে পা পিছলে গিয়ে মালগাড়ির চাকার তলায় পড়ে গিয়ে গুরুতর জখম হন।