রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুরাসু, আজ মধ্যরাতেই ল্যান্ডফল! কতটা প্রভাব পড়বে বাংলা?
বন্দে মাতরম সংবাদ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মুরাসু’। সোমবার মধ্যরাতের পরেই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফলের সম্ভাবনা। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা উপকূলে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুরাসু মোকাবিলায় তৎপর প্রশাসন। অর্ণবের জের কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড় মুরাসুর আগমন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় সরাসরি মুরাসুর কোনও প্রভাব পড়বে না। তবে বাংলায় আগামী সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে এদিন প্রায় সব জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। বিক্ষিপ্তভাবে দু-একটি জেলাতে হালকা থেকে বৃষ্টি হতে পারে। সোম এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস আছে। শনিবার তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে সোম এবং মঙ্গলবার সব জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এক-দু’জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ ৯-১০ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় মুরাসু নিয়ে বাংলায় কোনও ভয়ের কারণ নেই বলেই জানিয়েছেন আবহবিদেরা। তবে আগাম সতর্কতায় পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।