ব্রেকিং

Cyclone Arnab: রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, ওড়িশার ৬ টি জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ, জারি হাই অ্যালার্ট

Wednesday, 23 September 2026 at 17:25 Superadmin
Share
Cyclone Arnab: রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, ওড়িশার ৬ টি জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ, জারি হাই অ্যালার্ট
Cyclone Arnab


বন্দে মাতরম, সংবাদ: পূর্বাভাস আগেই ছিল, তা সত্যি করে নিম্নচাপটি দ্রুতগতিতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির গতিবিধির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় অর্ণবের সরাসরি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা কম থাকলেও এর প্রভাবে ওড়িশার দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ওড়িশা সরকার রাজ্যের ৬টি জেলার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে দুর্যোগ মোকাবিলা কাজের জন্য সরকারি আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যে যে এলাকাগুলিতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে, সেই এলাকাগুলিতে বিশেষ দল মোতায়েন করা হয়েছে।


মঙ্গলবার জগৎসিংহপুর, খোরধা, গজপতি ও গঞ্জাম জেলার স্কুলগুলি বন্ধ ছিল। অপরদিকে মালকানগিরি জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী, ২২ সেপ্টেম্বর নির্ধারিত কেন্দ্রগুলিতে ‘জাতীয় গ্রামীণ প্রতিভা বৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারের আরও নির্দেশ, কোরাপুট ও কালাহান্ডি জেলার শিক্ষকদের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থার ক্ষেত্রে স্কুল ভবনগুলিকে ত্রাণকেন্দ্র হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্দেশে শিক্ষকদের একটি ২৪-ঘণ্টার ডিউটি রস্টার বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

আইএমডি সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গোপালপুরের ১৫০ কিমি দক্ষিণ-পূর্বে এবং পুরীর ২১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বরের মাঝামাঝি রাতের দিকে বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝখান দিয়ে উপকূলে প্রবেশ করবে।


ওড়িশার মুখ্য সচিব অনু গর্ভ জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার পর ১১টি জেলার কালেক্টরদের উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে ভারী বর্ষণের কারণে নীচু এলাকাগুলিতে বন্যা ও পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। তিনি জানিয়েছেন, এই দুর্যোগ মোকাবিলায় সমস্ত ধরনের জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ ও ২৪ সেপ্টেম্বর গজপতি, গঞ্জাম ও কোরাপুট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৪ ও ২৫ সেপ্টেম্বর কোরাপুট, নবরঙ্গপুর, কালাহান্ডি ও মালকানগিরি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।