ব্রেকিং

সাইবার প্রতারকের ফাঁদ, ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে বিপুল কেনাকাটা!

Monday, 26 October 2026 at 21:15 Superadmin
Share
সাইবার প্রতারকের ফাঁদ, ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে বিপুল কেনাকাটা!

বন্দে মাতরম সংবাদ, কলকাতা:


ফের সাইবার প্রতারণার অভিযোগ শহর কলকাতায়। এব‌্যাপারে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই এলাকারই বকুলবাগানের এক বাসিন্দার অভিযোগ, তাঁর দু’টি ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ২ লক্ষ ৯৫ হাজার ৭০০ টাকার অনলাইন কেনাকাটা করেছে সাইবার জালিয়াতরা।

নতুন ক্রেডিট কার্ড পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে প্রায় বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার জালিয়াতদের বিরুদ্ধে। 

পুলিশ জানিয়েছে, পুজোর মধ্যেই ওই ব্যক্তির কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের আধিকারিক বলে পরিচয় দেন। নতুন ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তাব দিয়ে তাঁর বর্তমান ক্রেডিট কার্ডের বিবরণ-সহ একাধিক ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়। এরপরই শুরু হয় প্রতারণার ফাঁদ পাতার কাজ। অভিযোগকারী বুঝতেও পারেননি যে, ওই ব‌্যক্তি সাইবার জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত।

অভিযোগকারী পরে জানতে পারেন, তাঁর একটি রাষ্ট্রায়ত্ত ও অন‌্য একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি অনলাইন বিপণির মাধ‌্যমে তিনটি অনলাইন লেনদেন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্ড ব্যবহার করে দু’টি লেনদেন করা হয়। বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহার করে একটি লেনদেন করা হয়। সব মিলিয়ে খরচ করা হয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৭০০ টাকা। এর পরই তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সাইবার জালিয়াতরা ঠিক কীভাবে তাঁর কার্ডের তথ্য ব্যবহার করে অনলাইন কেনাকাটা করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতারিত ব্যক্তি নিজের ক্রেডিট কার্ডের তথ্য, আধার নম্বর, প্যান নম্বর-সহ বেশ কিছু তথ‌্য ওই জালিয়াতকে জানিয়ে দেন। এর পরই তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করার কাজ শুরু হয়ে যায়।