Uttar Pradesh: উত্তরপ্রদেশে রান্না গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি, মৃত চার
বন্দে মাতরম সংবাদ, লখনউ: উত্তরপ্রদেশে ফতেপুর জেলায় রান্না গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ বিস্ফোরণ। ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের, বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং প্রশাসনকে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার বিকেলে উত্তরপ্রদেশের ফতেপুর জেলার মালওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে রান্নার কাজ চলাকালীন হঠাৎই এলপিজি সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আস্ত দোতলা পাকা বাড়িটি মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়।
বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর আশপাশের মানুষ ভয়ে ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসাধীন রাখা হয়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।