নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
বন্দে মাতরম সংবাদ: নন্দীগ্রাম উপ নির্বাচনের আগে কোর্টে বড়ো স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ২০০৭ সালের জমি আন্দোলন সংক্রান্ত একটি পুরনো মামলায় (যার মধ্যে খুনসহ একাধিক গুরুতর অভিযোগ ছিল) কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল।
হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তাঁর জামিন বাতিলের আবেদন জানিয়েছিল। তবে শীর্ষ আদালত রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে দেয় এবং হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে। এর ফলে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং প্রচারে অংশ নিতে কোনও আইনি বাধা রইল না।
এদিন মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি বলেন, ‘মিলনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এমনকী খুন, বোমা ছোড়ার মতো অভিযোগও রয়েছে। ফলে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজের আবেদন জানান তুষার মেহতা। যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেন মিলনের আইনজীবী। তবে এদিন দীর্ঘ সওয়াল-জবাবে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতির মন্তব্য, ‘২০০৭ সালের ঘটনা জমি সংক্রান্ত বিবাদ। ৬৬ জনের বিরুদ্ধে একসঙ্গে অভিযোগ হয়েছিল।’ কিন্তু এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও কেন পুলিশ এতদিন ব্যবস্থা নেয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিৎ বলে কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।