রবিবার ফেরা হল না বাড়ি! চোরবাগানে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত মা ও ছেলে
পত্রলেখা বসু, পূর্ব বর্ধমান:
কথা ছিল পুজো শেষ করে হাসিমুখে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হল না। পুজোর আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। চোরবাগানের পুজোমণ্ডপের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটনায় পূর্ব বর্ধমানের মা ও ছেলের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার তথা সমগ্র এলাকায়।
মৃতরা হলেন পূর্ব বর্ধমান জেলার মাধবডিহির বীরপুর গ্রামের বাসিন্দা টগর বেজ(৪৭) এবং তাঁর অষ্টম শ্রেণির ছাত্র ছেলে সন্দীপ বেজ(১৩)। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন টগর বেজের মেয়ে আগমনী বেজ। আগমনী কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হুগলির বালিয়া গ্রামে টগর বেজের বাবার বাড়ি। গত বৃহস্পতিবার বাবার বাড়ির লোকজনের সঙ্গেই কলকাতায় এক আত্মীয়র বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন তাঁরা। পরিকল্পনা ছিল, পুজো ঘুরে রবিবার সবাই মিলে আবার বীরপুরের বাড়িতে ফিরে আসবেন।
কিন্তু আনন্দ বিষাদে বদলাতে বেশি সময় লাগেনি।
পরিবারের সদস্য উদয় বৈদ্য জানান, কলকাতার পুজোমণ্ডপে অতিরিক্ত ভিড় এবং মাইকিংয়ের জেরে হঠাৎই তীব্র হুড়োহুড়ি শুরু হয়। আর সেই ভিড়ের চাপেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান মা ও ছেলে। বৃহস্পতিবার যে মানুষগুলো হাসিমুখে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাঁদের এমন আকস্মিক মৃত্যুর খবর পৌঁছতেই কান্নার রোল ওঠে বীরপুর গ্রামে। ঘটনার খবর পাওয়ার পরেই স্থানীয় পুলিশ প্রশাসন বাড়িতে যান পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানান।