Mirabai Chanu: রুপো জিতে ইতিহাস চানুর
বন্দে মাতরম, সংবাদ: অবশেষে অধরা মাধুরির স্বাদ পেলেন মিরাবাই চানু। বর্ণময় কেরিয়ারে অলিম্পিকে রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, কমনওয়েলথে তিন-তিনটে সোনা জিতেছেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু এশিয়ান গেমসের পদক অধরাই ছিল। বুধবার সেই আক্ষেপ চানু মেটালেন মেয়েদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতে।
এদিন স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি, মোট ১৯৮ কেজি তুলে রুপো জেতেন চানু। সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গুম। তিনি মোট ২১৫ কেজি ওজন তুলেছেন। যা বিশ্বরেকর্ড এবং তাঁর টানা তৃতীয় এশিয়ান গেমসে সোনা। ব্রোঞ্জ পেয়েছেন ইন্দোনেশিয়ার লুলুক দিয়ানা ত্রি উইজয়ানা। তিনি মোট ১৯১ কেজি ওজন তোলেন।
এদিনের পদক জয় দিয়ে কেরিয়ারের সাফল্যের বৃত্তটা সম্পূর্ণ করলেন চানু। সব মিলিয়ে ৩২ বছর বয়সি মণিপুরি ভারোত্তোলকের ঝুলিতে মোট ১৫টি আন্তর্জাতিক পদক। প্রসঙ্গত, কর্ণম মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের মঞ্চে পদক জেতার কৃতিত্ব অর্জন করলেন চানু। গ্লাসগো কমনওয়েলথে সোনা জয়ের পরেই নাগোয়ায় এসেছিলেন। এবার লক্ষ্য আরও উঁচুতে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং তারপর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক জয়।