বেতনের টাকা দিতে নারাজ স্ত্রী, হাতুড়ি দিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত স্বামী
পার্ষতি সিনহা, বাসন্তী:
নিজের উপার্জনের টাকা স্বামীর হাতে তুলে দিতে চাননি স্ত্রী। আর সেই কারণেই স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় বিবাদ। বিবাদের জেরে স্ত্রীকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার নফরগঞ্জের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম মহিলার নাম নাজমা শেখ। তাঁর স্বামী হাসান শেখ। দু’জনেই গড়িয়ার একটি দরজির দোকানে সেলাইয়ের কাজ করেন। দু’জনের উপার্জনও আলাদা। অভিযোগ, প্রতি মাসে স্ত্রীর বেতনের টাকা নিজের হাতে চাইতেন হাসান। কিন্তু কষ্টার্জিত উপার্জন স্বামীর হাতে তুলে দিতে রাজি ছিলেন না নাজমা। এই নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল।বিবাদের জেরে বেশ কিছুদিন ধরে আলাদাও থাকছিলেন তাঁরা।
অভিযোগ, সম্প্রতি মাছ দেওয়ার কথা বলে নাজমাকে দেখা করতে ডাকেন হাসান। স্বামীর কথায় বিশ্বাস করে ভরতগড় বাজারে তাঁর সঙ্গে দেখা করতে যান নাজমা। সেখান থেকে স্ত্রীকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান হাসান। ওই বাড়ির একটি ঘরে নাজমার হাত-পা বেঁধে শুরু হয় মারধর। হাতুড়ি দিয়ে তাঁর দু’টি হাঁটুতে আঘাত করা হয়। পিঠেও হাতুড়ি দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
নাজমার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যান হাসান। স্থানীয়রাই গুরুতর জখম নাজমাকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।