ব্রেকিং

Malda: মালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল সহ রুট পরিবর্তন

Wednesday, 30 September 2026 at 20:33 Superadmin
Share
Malda: মালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল সহ রুট পরিবর্তন
Malda Division

বিশ্বজিৎ সাহা, মালদা: গঙ্গার বাঁধ কাটার কাজের জেরে রেল পরিষেবায় বড়োসড়ো পরিবর্তন মালদা ডিভিশনে। সাহিবগঞ্জ–বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় গঙ্গার বাঁধ কাটার কাজ চলছে। এর জেরে ডাউন লাইনে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে আপ লাইনে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলাচল করছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন রেলের আধিকারিক ও কর্মীরা।


পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক করতে বিপুল সংখ্যক রেলকর্মী ও আধিকারিককে মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেন বাতিল, কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।


রেল সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরু করার কথা থাকা ৬৩৪০৬ সাহিবগঞ্জ–রামপুরহাট মেমু এবং ৬৩০৭৩ রামপুরহাট–সাহিবগঞ্জ মেমু বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে বিকল্প পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৩১০৬ বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস এবং ২৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেসকে মুঙ্গের–ভাগলপুর–বাঁকা–দেওঘর–জসিডিহ বাইপাস হয়ে ঘুরিয়ে চালানো হবে। এই ট্রেনগুলির ভাগলপুর ও দেওঘরে স্টপেজ থাকবে। ৩০ সেপ্টেম্বরের ১৩৪০৪ ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর–হাওড়া এক্সপ্রেসকে ভাগলপুর–দুমকা–রামপুরহাট রুটে চালানো হবে। অন্যদিকে ২৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১৫৬৫৭ দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল এবং ১৫৭৪৪ ভাটিন্ডা–বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেসকে জামালপুর–মুঙ্গের–কাটিহার রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। 


কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ৫৩৪০৮ জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার এবং ১৩৪১০ কিউল–মালদা টাউন এক্সপ্রেস সাহিবগঞ্জ পর্যন্ত চলবে। একইভাবে ৩০ সেপ্টেম্বরের ৫৩০২৯ আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার বারহারওয়ায় যাত্রা শেষ করবে। আর ৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার বারহারওয়া থেকে যাত্রা শুরু করবে।