ব্রেকিং

Bus Fare: দুর্গাপুজোর আগে বাড়বে বাস ভাড়া! কী জানালেন পরিবহন মন্ত্রী?

Tuesday, 15 September 2026 at 13:58 Superadmin
Share
Bus Fare: দুর্গাপুজোর আগে বাড়বে বাস ভাড়া! কী জানালেন পরিবহন মন্ত্রী?
Bus Fare


বন্দে মাতরম সংবাদ: বাঙালির দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো (Durga Puja)। শুরু হয়েছে মন্ডপ বাঁধার কাজ। দোকানে দোকানে ভিড় বাড়ছে। এই অবস্থায় আমজনতার মধ্যে প্রশ্ন পুজোর আগেই কি বাসের ভাড়া (Bus Fare) বাড়বে? এবার সেই জল্পনার অবসান করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Transport Minister Arjun Singh)। মন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুজোর আগে বাড়ছে না বাস ভাড়া। তবে পুজোর ছুটি শেষ হলে বাস মালিক ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে পুনরায় বৈঠক করা হবে, তখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রীর বার্তায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।


প্রসঙ্গত, ২০১৮ সালের পর থেকে রাজ্যে বাস ভাড়া বাড়ানো হয়নি। এই পরিস্থিতি বর্তমান অবস্থার সঙ্গে টিকতে না পেরে বিভিন্ন রুটে বাস চালানো বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বাস মালিকরা। বহু রুটেই বাস চলে অনিয়মিতভাবে। পূর্বতন সরকার ভোটের কথা মাথায় রেখে বাস ভাড়া না বাড়িয়ে সাধারণ মানুষের মন জিতলেও, বাসের সংখ্যা কমতে থাকায় সমস্যা পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। রাজ্যের এই বেহাল পরিস্থিতি খতিয়ে দেখে হাল ধরেছে শুভেন্দু অধিকারীর সরকার। বর্তমান পরিস্থিতিতে বাস ভাড়া বাড়ানোকে যুক্তিসঙ্গত বলেই মনে করছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মন্ত্রীর স্পষ্ট বার্তা, ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার মান বাড়াতে হবে। মন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই এই কথা স্পষ্ট যে পুজোর পরই পশ্চিমবঙ্গের পরিবহন খাতে নীতিগত পরিবর্তন আসতে চলেছে। 


উল্লেখ্য, ২০১৮ সালের পর এই ৮ বছরে জ্বালানির দাম দ্রুতগতিতে বেড়েছে। এই পরিস্থিতিতে বাস মালিকরা একাধিকবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে এসেছে। সম্প্রতি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের পর জানানো হয়েছে যে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পুজোর ছুটির পরে নেওয়া হতে পারে।