বিসর্জনের আগে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক
বিশ্বজিৎ সাহা, মালদা:
দুর্গাপুজোর বিসর্জনের কয়েক ঘণ্টা আগে মালদার কালিয়াচকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে কালিয়াচক-১ ব্লকের আলিপুর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর সর্দারটোলা এলাকায় রাস্তার উপর বোমা দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় এভাবে বোমা পড়ে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রাস্তার উপর সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে বাসিন্দারা কাছে গিয়ে বোমা বলে সন্দেহ করেন। এরপরই কালিয়াচক থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করেন। এরপর সেগুলি একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ লক্ষ্মীপুর সর্দারটোলা এলাকায় উদ্বেগ আরও বেড়েছে।