ব্রেকিং

শান্তিপুরে ভাগীরথীর পাড় ভাঙনে তীব্র আতঙ্ক, বিধায়কের দ্বারস্থ এলাকাবাসী

Monday, 26 October 2026 at 16:45 Superadmin
Share
শান্তিপুরে ভাগীরথীর পাড় ভাঙনে তীব্র আতঙ্ক, বিধায়কের দ্বারস্থ এলাকাবাসী

বন্দে মাতরম সংবাদ, নদিয়া: নদিয়ার শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট সংলগ্ন ভাগীরথী নদীর পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙনের আশঙ্কা। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীপাড় বরাবর একটি সুবিশাল ফাটল লক্ষ্য করেন, যার ফলে ভাগীরথীর তীরবর্তী গুরুত্বপূর্ণ জল প্রকল্পসহ সমগ্র এলাকা ভাঙনের গ্রাসে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা অমিত সাহা জানান, দুর্গাপুজোর আগে থেকেই পাড়ে সামান্য ফাটল চোখে পড়েছিল। তবে সম্প্রতি সেই ফাটল ক্রমাগত বৃদ্ধি পেয়ে চওড়া আকার ধারণ করেছে। তাঁর বক্তব্য, নদীগর্ভে প্রচুর গভীরতা থাকায় এবং নিয়মিত স্রোতের টানে এই ভাঙন ক্রমশ মারাত্মক চেহারা নিচ্ছে। সম্প্রতি স্থানীয় বিধায়ক স্বপন কুমার দাস যে পার্কটির উদ্বোধন করেছিলেন, ভাঙনের কাজ অবিলম্বে রুখতে না পারলে সরকারি অর্থে তৈরি সেই পার্কটি সহ বহু মানুষের বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাঙনের আশঙ্কায় সন্তান ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

 

অপর এক স্থানীয় বাসিন্দা লব সাহা জানান, প্রতি বছর নদীর জল কমার সময়ে বা টান ধরার সময় এভাবেই পাড়ে ফাটল তৈরি হয় এবং পাড় ভাঙতে থাকে। অতীতেও এই অঞ্চলে বহু চাষের জমি ও জায়গা নদীগর্ভে চলে গিয়েছে। সঠিক ও স্থায়ী কোনও বাঁধাইয়ের ব্যবস্থা না হওয়ায় ফি বছরই বাসিন্দাদের একই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। বর্তমানে সরাসরি কোনও কাউন্সিলর না থাকায় তারা স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

অন্যদিকে, বিজেপির ১৬ নম্বর ওয়ার্ড শক্তি কেন্দ্র প্রমুখ চন্দন মণ্ডল বিগত তৃণমূল শাসকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন যে, বিগত দিনে ভাঙন রোধের নামে লক্ষ লক্ষ টাকা এলেও তা বাস্তবে কাজে লাগানো হয়নি, স্রেফ লোক দেখানো কাজ করে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি আশ্বস্ত করে জানান, এলাকার এই সংকটজনক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ প্রকল্প রক্ষার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিধায়ক এবং সাংসদের নজরে আনা হচ্ছে যাতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। সব মিলিয়ে, বিপজ্জনক এই ফাটলকে কেন্দ্র করে শান্তিপুরের স্টিমারঘাট এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।