ED: জিএসটি ফাঁকি দিয়ে সুপারি ব্যবসা! শিলিগুড়ি জুড়ে ইডির তল্লাশি অভিযান
বন্দে মাতরম সংবাদ, শিলিগুড়ি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। জিএসটি ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে সুপারি ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। এই তথ্যকে সামনে রেখেই শহরের মোট ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়।
জানা গিয়েছে, জিএসটি ফাঁকি দিয়ে সুপারি ব্যবসা করার অভিযোগের তদন্তে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে শিলিগুড়ির একটি সুপারি ব্যবসায়ী চক্র সরকারি কর ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। সেই তথ্যের ভিত্তিতেই ইডির এই অভিযান।
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির বর্ধমান রোডে সন্দীপ বৈদ্য নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে সেখানে তল্লাশি চালানো হয়। এই ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখা হয়। পাশাপাশি এই শহরের সুপারি ব্যবসায়ী ধীরজ ঘোষ ওরফে হিরেশ ঘোষের ফাঁসিদেওয়া ফার্ম হাউজে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সুপারি ব্যবসার আড়ালে কীভাবে কর ফাঁকি দেওয়া হচ্ছিল, তার হিসাব মেলাতেই ওই ব্যবসায়ীর বাড়ি ও তার কার্যালয়ের সমস্ত কিছু নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্ধমান রোড ও সুপারি ব্যবসায়ীদের পাশাপাশি শহরের আরও বেশ কয়েকটি জায়গায় একযোগে অভিযান চালায় ইডি।
কোনও আর্থিক দুর্নীতি হয়েছে কি না, হলেও সেটা কত টাকার লেনদেন তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় সংস্থা। সেইসঙ্গে আধিকারিকরা ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা নথি কোনও নথি বাজেয়াপ্ত করেছে কি না, তদন্তের স্বার্থে সেই বিষয়েও এখনও কিছু স্পষ্ট করেনি। এই সিন্ডিকেটে সুপারি ব্যবসায়ী ছাড়া আরও অন্য কেউ যুক্ত কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধকারিকেরা।
প্রসঙ্গত, পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি, তার পর থেকেই রাজ্যজুড়ে আরও সক্রিয় ইডি