তৃণমূল পরিচালিত পুরসভায় আলোয় অবহেলিত শ্যামাপ্রসাদ! পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন
কুন্তল চক্রবর্তী, বনগাঁ:
দুর্গাপুজো উপলক্ষে বনগাঁ শহর যখন আলোর ঝলকানিতে সেজে উঠেছে, শহরের বিভিন্ন প্রান্তে যখন আলোকসজ্জার জাঁকজমক চোখে পড়ছে, তখনই অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত বনগাঁ পুরসভা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেনি।
অভিযোগ, মূর্তির সামনে মাত্র একটি হ্যালোজিন লাগিয়েই দায়িত্ব শেষ করেছে পুরসভা। শুধু তাই নয়, মূর্তির গলায় পরানো মালাটিও পুরনো বলে দাবি প্রতিবাদীদের।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রবাদী মানসিকতার ব্যক্তিরা। তাঁদের প্রশ্ন, উৎসবের মরসুমে শহরজুড়ে আলোর বাহার থাকলেও দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ক্ষেত্রে এমন অবহেলা কেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বনগাঁ নগর কার্যবহ সন্তু শিকদার অবিলম্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'মূর্তির যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে এবং পুরনো মালার পরিবর্তে নতুন মালা দিয়ে সম্মান প্রদর্শন করা প্রয়োজন।'
পাশাপাশি ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের অন্যতম সংযোজক তাপস বসু।
বিষয়টি নিয়ে বনগাঁ পুরসভার পুরপতি জানান, বিষয়টি তিনি দ্রুত দেখবেন।