Bakura: বাঁকুড়ায় লাগাতার বৃষ্টিতে ধসে পড়ল কাঁচা ইটের বাড়ির দেওয়াল, চাপা পড়ে জখম ৫
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: লাগাতার বৃষ্টিতে ধসে পড়ল কাঁচা ইটের বাড়ির দেওয়াল। এই ঘটনায় চাপা পড়ে জখম একই পরিবারের ৫ জন। বারেবারে আবেদনের পরেও আবাসের বাড়ি না মেলার অভিযোগ।
লাগাতার বৃষ্টিতে কাঁচা ইটের দেওয়াল ধসে আচমকাই ধসে পড়ে। সেই সময়টি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। জখম হলেন একই পরিবারের ২ শিশু ও ৩ মহিলা।
গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী শহরের ৩ নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকায়। আবাসের বাড়ির জন্য বারেবারে আবেদন জানানোর পরেও বাড়ির সুবিধা না মেলাতেই এমন দুর্ঘটনার শিকার হতে হল বলে দাবি পরিবারের।
বাঁকুড়ার সোনামুখী শহরের ৩ নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকায় মাটি ও ইট দিয়ে তৈরি দেওয়ালের উপর শতছিদ্র টিনের ছাউনির বহু পুরানো একটি বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন পেশায় কাঠের মিস্ত্রী সনৎ বাউরী। আবাস প্রকল্পে বাড়ি তৈরির জন্য তৃণমূল আমলে বারেবারে এলাকার কাউন্সিলার তথা স্থানীয় বিধায়ক দিপালী সাহার দ্বারস্থ হয়েছিলেন সনৎ বাউরী। সমস্ত নথিপত্র জমা দিয়ে বারেবারে আবেদন জানানো হয়েছিল পুরসভা থেকে শুরু করে ব্লক স্তরে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। অগত্যা পুরানো জরাজীর্ণ বাড়িতেই কোনওক্রমে মাথা গুঁজে বসবাস করে আসছিল পরিবারটি।
নিম্নচাপের জেরে গত ৩ দিন ধরে দফায় দফায় বৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলায়। আর এই বৃষ্টিতেই এবার ধসে পড়ল বাড়ির একটি দেওয়াল। জানা গেছে গতকাল গভীর রাতে বাড়ির মধ্যে যখন সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আচমকাই বাড়ির একটি দেওয়াল হুড়মুড় করে ধসে পড়ে সনৎ বাউরীর মা, বোন, পিসি ও দুই নাবালিকা মেয়ের উপর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।