অমিত শাহের ৬২তম জন্মদিনে বসিরহাটে ৬২ প্রদীপ জ্বালিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি নেতার
বন্দে মাতরম সংবাদ
বসিরহাট
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৬২তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ৬২টি প্রদীপ এবং ৬২টি ধূপ জ্বালিয়ে পুজো দিলেন বিজেপি রাজ্য নেতা ডাঃ শৌর্য্য ব্যানার্জি। বসিরহাটের সংগ্রামপুরের প্রাচীন দক্ষিণা কালীমন্দিরে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। অমিত শাহের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উদ্যাপনের আবহ তৈরি হয়েছে।
সেই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর বসিরহাটেও তার জন্মদিন পালন করা হয়। সংগ্রামপুরের প্রাচীন দক্ষিণা কালীমন্দিরে ৬২টি প্রদীপ ও ৬২টি ধূপ জ্বালিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন বিজেপি রাজ্য নেতা ডাঃ শৌর্য্য ব্যানার্জি। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালনের এই উদ্যোগে অমিত শাহের প্রতি তাদের শ্রদ্ধা ও শুভকামনা প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব।