উলুবেড়িয়ার খলিশানি গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
বন্দে মাতরম সংবাদ, উলুবেড়িয়া: সপ্তাহ খানেক আগে উলুবেড়িয়ার বানীবন গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। বিজেপির প্রধান নির্বাচিত হয়েছিল। আর এবার খলিশানি গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। বুধবার নতুন প্রধান নির্বাচিত হলেন বিজেপির গীতা পরামানিক। এদিন নতুন প্রধান নির্বাচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা, বিজেপি নেতা প্রত্যুষ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন প্রধান নির্বাচনের পরেই গেরুয়া আবীর মেখে আনন্দে মেতে ওঠেন বিজেপি নেতা-কর্মীরা।
গত পঞ্চায়েত নির্বাচনে ১৭ আসনের খলিশানী গ্রাম পঞ্চায়েতে তৃণমুল কংগ্রেস পায় ১১টি এবং বিজেপি পায় ৬টি আসন। প্রধান নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের আসুরা বেগম। যদিও রাজ্যে পালা বদলের পর থেকেই গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে পঞ্চায়েতের ৯ সদস্য। সেইমতো বুধবার ৯ জন সদস্যের উপস্থিতিতে গীতা পরামানিককে প্রধান নির্বাচিত করা হয়।
খলিশানি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করা প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচনে চুরি করে ওরা এই গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। উন্নয়ন তলানিতে ঠেকেছিল। আমরা সদস্যদের সমর্থনে বোর্ড গঠন করলাম। এদিন প্রধান নির্বাচিত করা হয়েছে। আগামীদিনে উপপ্রধান নির্বাচিত হবেন।’