Shamik Bhattacharya: অনুব্রতর বাড়িতে হামলা পরিকল্পিত নাটক: শমীক ভট্টাচার্য
রিয়া রায়, বারাসত: অনুব্রত মণ্ডলের বাড়িতে হামলা ‘পরিকল্পিত নাটক’, বারাসতের অনুষ্ঠান থেকে তোপ শমীক ভট্টাচার্যের। উত্তর ২৪ পরগনার বারাসতে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টকে একযোগে তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলের বাড়িতে সাম্প্রতিক হামলার ঘটনা থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় মন্তব্য করেন তিনি।
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেন, ‘এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত নাটক এবং অত্যন্ত দুর্বল চিত্রনাট্য।
অনুব্রত মণ্ডলের বাড়িতে এভাবে আক্রমণ করা যায়, এটা আগে কেউ কখনও কল্পনাও করতে পারেনি। অথচ আজ ঠিক সেটাই ঘটানো হল। কয়েকজন লোক ভেতরে ঢুকল এবং বেরিয়ে যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গেল। গোটাটাই সাজানো এবং ভীষণ দুর্বল এক চিত্রনাট্যের বহিঃপ্রকাশ।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান ও শক্তি নিয়ে কটাক্ষ করে তিনি আরও মন্তব্য করেন, ‘যেকোনও বিষয়ে আপত্তি বা সম্মতি জানাতে গেলে একটি নির্দিষ্ট সংখ্যক আসন থাকা প্রয়োজন, যা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই।’
আসন্ন উপনির্বাচনী লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপি সভাপতি বলেন, ‘বর্তমানে রাজ্যে সিপিএম-ও শূন্য, তৃণমূল-ও শূন্য। আগামী নির্বাচনে তৃণমূল, সিপিএম এবং বিরোধী শক্তি সবাই এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক, ভোটের ফল বেরোলেই আসল সত্য পরিষ্কার হয়ে যাবে।’ আত্মবিশ্বাসের সুরে তিনি দাবি করেন, রেজিনগরের ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটারদের সমর্থন নিয়ে যেমন বিজেপি জয়লাভ করবে, ঠিক তেমনই নন্দীগ্রামেও বিজেপির বিজয় নিশ্চিত।
উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানে শমীক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, দিলীপ সিং ও ড. রাজেশ কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।