ব্রেকিং

মহারাষ্ট্রের নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত পুরুলিয়ার যুবক

Saturday, 24 October 2026 at 05:53 Superadmin
Share
মহারাষ্ট্রের নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত পুরুলিয়ার যুবক

বন্দে মাতরম সংবাদ, রঘুনাথপুর:


মহারাষ্ট্রের ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণের অভিযোগে পুরুলিয়া জেলার পাড়া থানা এলাকার এক যুবককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। ধৃতের নাম জসিমুদ্দিন আনসারি, বাড়ি পাড়া থানার ভালাগোড়া গ্রামে।

সূত্রের খবর, কর্মসূত্রে মহারাষ্ট্রে গিয়েছিলেন জসিমুদ্দিন। সম্প্রতি ওই নাবালিকার পরিবার মহারাষ্ট্রের থানের একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানায়, তাঁদের ১৪ বছরের মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ। তদন্ত চলাকালীন পুরুলিয়া জেলার একটি রেলস্টেশনে ওই নাবালিকার সম্ভাব্য অবস্থানের খবর পান তদন্তকারীরা। এরপর স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে মহারাষ্ট্র পুলিশ। পুলিশের তৎপরতায় স্টেশন থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। পরে তাকে জেলার একটি হোমে রাখা হয়।

এদিকে, বৃহস্পতিবার মহারাষ্ট্র পুলিশের একটি দল পুরুলিয়ায় এসে পাড়া থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। এরপর ভালাগোড়া গ্রামের বাড়ি থেকে জসিমুদ্দিনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে যায় পুলিশ।

অন্যদিকে, জেলার শিশু সুরক্ষা সমিতির পক্ষ থেকে উদ্ধার হওয়া নাবালিকাকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।