ব্রেকিং

Nepal: প্রয়লঙ্করী হড়পা বানের জের, নেপালে আটকে প্রায় ২০০ পর্যটক

Monday, 12 October 2026 at 16:27 Superadmin
Share
Nepal: প্রয়লঙ্করী হড়পা বানের জের, নেপালে আটকে প্রায় ২০০ পর্যটক
Nepal Flash Flood

বন্দে মাতরম সংবাদ, কাঠমান্ডু: বিপদ আর কিছুতেই পিছু ছাড়ছে না নেপালের। ফের নেপালের বুধি গণ্ডকী নদীতে আছড়ে পড়েছে হড়পা বান। কার্যত ধুলিসাৎ গোটা এলাকা। প্রলয়ঙ্করী হড়পা বানের জেরে নেপালে প্রায় ২০০ জন বিদেশি পর্যটক আটকে পড়েছে। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় ও বাংলাদেশি বলে জানা গেছে।  


নেপাল প্রশাসন ও ‘ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব নেপাল’ জানিয়েছে, আটকে পড়া সমস্ত পর্যটক, তাঁদের গাইড এবং পোর্টাররা নিরাপদে আছেন। পর্যটকদের কপ্টারে করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সেইসঙ্গে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, বুধি গণ্ডকী নদীতে হড়পা বানে প্রধান ট্রেকিং রুট এবং ঝুলন্ত সেতুগুলো ভেসে যাওয়ায় গোর্খা জেলার মানাসলু সংরক্ষণ এলাকায় পর্যটকরা আটকে পড়েছেন। মানাসলু সংরক্ষণ প্রকল্পের কর্মকর্তা ভুবনরাজ ওঝা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পর্যটকরা সুরক্ষিত আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।


নেপালের ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশনের গণ্ডকী শাখার সভাপতি কৃষ্ণ প্রসাদ আচার্য জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধারের সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। পর্যটক, পোর্টার ও ট্রেকিং গাইডরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারেন, তার জন্য স্থানীয় ও নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।  

প্রসঙ্গত, হড়পা বানের জেরে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা জলের তোড়ে নদীর পাড় সংলগ্ন একাধিক বাড়িঘর, স্থানীয় বাজার এবং ছোট সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু স্থানে রাস্তা সম্পূর্ণভাবে ভেসে যাওয়ায় হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে নদীর দুই তীরের নীচু এলাকার বসবাসকারী গ্রামে মানুষদের তড়িঘড়ি নিরাপদ ও উঁচুস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে জল বাড়ায় নদীর পাড়ের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত। স্থানীয় উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে।